সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ
পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর অভিযোগে ২৩ জনকে এজাহারনামীয় এবং ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
গত ৩ জুলাই পঞ্চগড় সদর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড বাজার সংলগ্ন শিংপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার টাঙানো হয়।
পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং নৌকা প্রতীক ব্যবহার করা হয়। এছাড়া পোস্টারে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী,জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান লেখা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের অভিযোগ,নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা,প্রচার-প্রচারণা এবং জনমনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এসব পোস্টার টাঙানো হয়।
এ ঘটনায় ২৩ জনকে এজাহারনামীয় এবং ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। এজাহারের ২ নম্বর আসামি করা হয়েছে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী (প্লাবন) কে। এছাড়া ৩ নম্বর আসামি করা হয়েছে পঞ্চগড় পৌর কৃষক লীগের সভাপতি আকতারুন নাহার (সাকী)কে। পুলিশ জানায়, মামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে।