admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ
ইসি মাহবুব বলেছেন নির্বাচন আইসিইউতে, গণতন্ত্র লাইফ সাপোর্টে। দেশের নির্বাচন ব্যবস্থা এখন প্রকৃত পক্ষে আইসিইউতে থাকার অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। নির্বাচনের এই অবস্থার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র লাইফ সাপোর্টে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে লিখিত বক্তব্যে এসব মন্তব্য করেন ইসি মাহবুব। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন ও অন্যান্য প্রসঙ্গে নিজের বক্তব্যে তিনি বলেন, বর্তমান ইসির মেয়াদ ফুরানোর সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচন ব্যবস্থা ও অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।
প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু আচরণ দেশের গণতন্ত্রকে অন্তিম অবস্থায় পাঠিয়েছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্রকে লাইফ সাপোর্ট থেকে যেকোনো মূল্যে স্বাভাবিক অবস্থায় ফেরাতে চান বলে জানিয়েছেন মাহবুব তালুকদার। সে জন্য দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন তিনি। এ সময় নিরপেক্ষভাবে সব দলের স্বার্থ সংরক্ষণ করে গ্রহণযোগ্য আইন তৈরির কথাও বলেন ইসি মাহবুব। তিনি বলেন, একপক্ষীয় আইন একদলীয় শাসনের পথ উন্মুক্ত করে, তাতে লাভ হবে না।
বিষয়টির দ্রুত ফয়সালা না হলে দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কা রয়েছে। এবারের ইউপি নির্বাচনের আগে-পরে এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছে জানিয়ে মাহবুব তালুকদার বলেন, জীবনের চেয়ে যে নির্বাচন বড় নয়, সে কথাটা সংশ্লিষ্টদের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছি আমরা। তা ছাড়া গত ১১ নভেম্বর ৮৩৪টি ইউপির মধ্যে ৮০ জন বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। ভোট না হলে তাকে নির্বাচন বলা যায় না।
পৃথক একটি স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, যে নির্বাচন প্রক্রিয়া ইসি ঠিক করে না, তার দায় কেন নেবে ইসি? এই অবস্থার পরিবর্তনে রাজনৈতিক সিদ্ধান্ত অপরিহার্য। রিটার্নিং অফিসারদের সাহসী ভূমিকা রাখার কথা বলে লাভ হবে না, যদি স্থানীয় ক্ষমতাধরদের রোষানল থেকে তাদের রক্ষায় নিরাপত্তা দেয়া না হয়।