admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২১ ১:৪৯ অপরাহ্ণ
নিরাপদ সড়ক আন্দোলনরত শিক্ষার্থীদের এবার লিফলেট বিতরণ। সড়ক দুর্ঘটনায় নিহতদের বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার লিফলেট বিতরণ করেছেন। রাজধানীর রামপুরা এলাকায় তাদের চলমান কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন তারা। প্রসঙ্গত, সরকারের পক্ষ থেকে সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে বেড়ে যায় বাসের ভাড়া। এ অবস্থায় হাফ পাস তথা অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় নটর ডেম কলেজ এবং রামপুরা এলাকার একটি কলেজের দুই শিক্ষার্থী অর্থাৎ নাইম ও মাইন উদ্দিনের নিহতের ঘটনায় সেই আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়। এরপর থেকেই ১১ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নাইম ও মাইনউদ্দিনের হত্যার বিচার এবং তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ অন্যতম। এ ছাড়া সারাদেশে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস চালু করে সরকারি প্রজ্ঞাপন দিয়ে তা নিশ্চিত করা, ট্রাফিক পুলিশের ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালক নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া তাদের ১১টি দাবির মধ্যে অন্যতম। লিফলেট বিতরণের মাধ্যমে নিরাপদ সড়ক আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তাদের ১১ দফা দাবি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন, যাতে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন সাধারণ মানুষ।