মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ মেরামতের প্রাণকেন্দ্র পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেছেন সড়ক, নৌ পরিবহন, সেতু ও রেল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এবং মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আজ ১৩ অক্টোবর বিকেল ৩ টা ২০ মিনিটে তারা কেলোকা কারখানায় প্রবেশ করেন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে আজ দুপুরে মন্ত্রীদ্বয় নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন। সেখানে রেলকোচ সংস্কারে নিম্নমানের কাজ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এমন মানহীন কাজের দরকার নাই, বন্ধ করে দেন। নিজের বাড়ির জানালা সংস্কারেও কি এভাবে অবহেলা করতেন? সৈয়দপুর পরিদর্শন শেষে বিকেলে তারা পার্বতীপুর কেলোকায় আসেন। কেলোকা পরিদর্শনকালে রেলওয়ে শ্রমিক দল কেলোকা শাখার পক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ব্যানারে রেল শ্রমিক দল কেলোকা শাখার সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৌজন্যে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম আহম্মদ হোসেন মাসুম সহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, শেখ রবিউল আলম বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এবং হাবিবুর রশিদ হাবিব একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা রেলকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার জন্য কাজ করছেন। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন এবং কেলোকার কাজের মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।