admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২১ ১১:০৪ পূর্বাহ্ণ
কৃষিমন্ত্রী মন্তব্য করেন বলেন চালের দাম বেশি হলেও অস্বস্তি নেই। দেশে চালের দাম কিছুটা বেশি হলেও আয় বাড়ায় জনগণের মাঝে অস্বস্তি নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বছরের এই সময়ের আগে দুর্ভিক্ষ দেখা দিলেও এখন কোনো মানুষ না খেয়ে নেই বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন কৃষিমন্ত্রী। কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এই আয়োজন করে কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। এতে চালের দাম বৃদ্ধির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, আগে চালের দাম কম ছিল, মানুষের আয়ও তখন কম ছিল।
দরিদ্ররা একদিনের আয় দিয়ে ৩-৪ কেজি চাল কিনতে পারতো না, এখন তারা ১০-১২ কেজি চাল কিনতে পারছে। দ্রুত জনসংখ্যা বাড়ায় প্রতি বছর দেশে ২৪ লাখ মানুষ বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যাও এতো পরিমাণ নেই। তা ছাড়া কৃষি জমি কমার পরেও বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তবে চালের দাম বাড়ার পেছনে সবচেয়ে দায়ী নন-হিউম্যান কনজাম্পশন। দেশে উৎপাদিত চাল বহুক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, গরু ও ছাগলকে চাল খাওয়াচ্ছে মানুষ। মৎস্য, পোল্ট্রি, হাঁসের খামারে ধান-চাল ও বাই-প্রোডাক্ট ব্যবহার হচ্ছে। এসব ক্ষেত্রে কি পরিমাণ চাল যাচ্ছে, তার কোনো হিসাব নেই।
সবজিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য বাজার ব্যবস্থাপনাকে দায়ী করে তিনি বলেন, চাষের জায়গায় ফুলকপি ১০-১৫ টাকায় বেচাকেনা হলেও ঢাকায় তা ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। রাস্তায় চাঁদা, সিন্ডিকেটের দখলে বাজার। সেজন্য হাত ঘুরতে ঘুরতে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। দুর্বল বাজার ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম ও এফএওর বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন উপস্থিত ছিলেন।