admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
ওয়াই-ফাই নিয়ে রুমিনকে মন্ত্রীর টিপ্পনী, সংসদে হাসির রোল। জাতীয় সংসদের কক্ষে মোবাইল ফোনে নেটওয়ার্ক না পাওয়ায় বাইরে যান বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি সংসদকক্ষে ফিরে আসলে টিপ্পনী কাটেন আইনমন্ত্রী আনিসুল হক, যা নিয়ে হাসির রোল পড়ে যায়। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এমন ঘটনা ঘটে। এদিন ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা, পারিতোষিক ও বিশেষাধিকার বিল-২০২১’ পাসের ওপর আলোচনা হয়।
এতে চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার দাবি জানান রুমিন ফারহানা। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় এটি দেয়া যায় বলে উল্লেখ করেন তিনি। এরপর দুজন সংসদ সদস্যের বক্তব্য শেষে জবাব দিতে উঠে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বক্তব্য রেখে রুমিন ফারহানা চলে গেছেন, আমার বক্তব্য তার শোনার দরকার নাই। নিজের বক্তব্য আমার কানে ঢুকিয়ে চলে গেছেন তিনি।
পরে আইনমন্ত্রীর কথার জবাবে রুমিন বলেন, মাননীয় স্পিকার, থ্রি-জি, ফোর-জি, ফাইভ-জির কথা বলে সরকার। কিন্তু সংসদেই নেটওয়ার্ক থাকে না। ফৌজদারি কার্যবিধি মোবাইলে দেখতে নেটওয়ার্ক না থাকায় বাইরে যেতে হয়েছে।
এ সময় রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদে ওয়াই-ফাই থাকার কথা, কানেক্ট করার চেষ্টা করুন। পরে হাস্যরস করে আইনমন্ত্রী বলেন, ‘ওয়াই-ফাইয়ের কোড তো জয় বাংলা। সে জন্য তিনি সেটা ব্যবহার করবেন না বলে শুনেছি।’ এমন টিপ্পনীতে সরকারি দলের এমপিদের মধ্যে হাসির রোল পড়ে যায়।