admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২১ ৬:৫৯ অপরাহ্ণ
আগামী ২০২২ সালের ৩০ জুন থেকে পদ্মা সেতুতে যান চলাচল। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আশা প্রকাশ করে বলেছেন, ইতোমধ্যে পদ্মা সেতুর ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২০২২ সালের ৩০ জুনের মধ্যে যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হবে। আজ সোমবার, ২২ নভেম্বর, দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের তথ্যের বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতুর ৮৭ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। আগামী ৩০ জুন বা তার আশপাশের সময়ে এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করছি।
খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও মুজিববর্ষ উপলক্ষে কয়েক লাখ পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে, আজকের মন্ত্রিসভার বৈঠকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রীপরিষদ সচিব।
তিনি বলেন, এটা একটা স্পেশাল ভাষণ। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি এই ভাষণ দেবেন। আজ মন্ত্রিসভায় সেটা অনুমোদন করে দেওয়া হয়েছে। আগামী ২৪ তারিখ এ ভাষণ দেবেন রাষ্ট্রপতি।