admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২০ ৬:২২ অপরাহ্ণ
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের দাফন সম্পন্ন। দেশ বরেণ্য অভিনেতা ও সংস্কৃতি ব্যক্তিত্ব আলী যাকেরের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ আসর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। একুশে পদকপ্রাপ্ত এই সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ছিলেন।
করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টা ৪০ মিনিটে মারা যান আলী যাকের। সকাল ১১টায় তার মরদেহ আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নেয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে বনানীতে আনার পর কবরস্থান মসজিদে পড়ানো হয় জানাজা।
পারিবারিক সূত্র জানায়, করোনা শনাক্তের দুই দিন পর মারা যাওয়ায় শেষ শ্রদ্ধা জানাতে আলী যাকেরের মরদেহ শহীদ মিনারে নেয়া হয়নি। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি হওয়ায় শ্রদ্ধা জানাতে জাদুঘর চত্বরে নেয়া হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরে করোনা সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আলী যাকেরের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষ, প্রিয়জন, সহশিল্পীরা তার প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, মফিদুল হক, নাসির উদ্দীন ইউসুফ, আসাদুজ্জামান নূর, অসীম কুমার উকিল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে স্ত্রী সারা যাকের, ছেলে অভিনেতা ইরেশ যাকের, মেয়ে শ্রিয়া সর্বজয়া আলী যাকেরের মরহেদের কাছে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে তার প্রতি গার্ড অব অনার প্রদান করে ঢাকা জেলা প্রশাসন।