admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
সরকার ঘোষিত লকডাউনে মুভমেন্ট পাস যেভাবে পাওয়া যাবে। সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে আগামীকাল ১৪ এপ্রিল থেকে। ৮ দিনের এই লকডাউনে অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে পুলিশও কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছে। এক্ষেত্রে যাদেরকে বাসা থেকে বের হতেই হবে, তাদেরকে পুলিশের কাছ থেকে মুভমেন্ট পাস নিতে হবে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদেরকে মুভমেন্ট পাস নিতে হবে না।
এই পাস নেওয়ার জন্য প্রথমে movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। যাতায়াতের কারণ উল্লেখসহ সেখানে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। এভাবে যে কেউ মুভমেন্ট পাস সংগ্রহ করতে পারবেন। তবে একটি পাস একবারের বেশি ব্যবহার করা যাবে না। অর্থাৎ আসা ও যাওয়ার জন্য প্রয়োজন হবে আলাদা পাস।
পুলিশের পক্ষ থেকে যে পাস কার্ডটি ইস্যু করা হবে, সেখানে থাকবে একটি কিউআর কোড। এই কোডটি স্ক্যান করেই চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আবেদনকারীকে চিহ্নিত করতে পারবেন। এভাবে ওই ব্যক্তির গন্তব্যস্থল এবং যাত্রার কারণও জানতে পারবেন চেকপোস্টে থাকা পুলিশ। এক বিজ্ঞপ্তিতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ‘মুভমেন্ট পাস’ উদ্বোধনের ১ ঘণ্টার মধ্যে আবেদন জমা পড়েছে প্রায় এক লাখ ২৫ হাজার। প্রতি মিনিটে আবেদন জমা পড়ছে প্রায় পনেরো হাজারের মতো।