admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২০ ১১:১৩ অপরাহ্ণ
সম্রাটের বিরুদ্ধে ১৯৫ কোটি টাকা পাচারের মামলা। ক্যাসিনো কাণ্ডে বর্তমানে কারাগারে আছেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এবার তার বিরুদ্ধে ১৯৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ রোববার রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়, মামলা নম্বর ১৪। এতে বাদী হয়েছেন সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের উপ-পরিদর্শক রাশেদুর রহমান। পরে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন সিআইডির সহকারী পুলিশ সুপার জিসানুল হক।
তিনি বলেন, সম্রাটের বিরুদ্ধে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। এ কাজে তাকে সহায়তা করেছে সহযোগী এনামুল হক আরমান।
জানা গেছে, ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৯ সাল পর্যন্ত অবৈধ কর্মাকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে সম্রাট। মেসার্স হিস মুভিজ নামে রাজধানীর কাকরাইলের একটি অফিসে এসব কর্মকাণ্ড পরিচালিত হতো। মতিঝিল, পল্টন, ফকিরাপুল এলাকায় প্রভাব বিস্তার করে উপার্জিত প্রায় ১৯৫ কোটি টাকা সহযোগী আরমানের মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেন তিনি।
সিআইডির কর্মকর্তারা জানান, ২০১১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৯ আগস্ট পর্যন্ত সম্রাট সর্বমোট ৪১ বার বিদেশ ভ্রমণ করেছেন। এর মধ্যে শুধু সিঙ্গাপুরেই গেছেন ৩৫ বার। অন্যদিকে তার সহযোগী এনামুল হক আরমান এই সময়ের মধ্যে ২৩ বার সিঙ্গাপুর ভ্রমণ করেছেন। পাচারকৃত অর্থগুলো দিয়ে তারা সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।