admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২০ ১০:২২ অপরাহ্ণ
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে বর্তমানে বন্ধ থাকা আন্তঃনগর ট্রেনগুলো আগামী ১৬ আগস্ট থেকে ধীরে ধীরে চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। পাশপাশি আগামী ৩০ আগস্টের মধ্যে পর্যায়ক্রমে সকল আন্তঃনগর ট্রেন চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।আজ ৯ আগষ্ট রোববার দুপুরে রাজধানীর রেলভবনে রেলপথ বিভাগের মহাপরিচালক (ডিজি) শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম।
বৈঠক সূত্রে জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে বন্ধ থাকা অন্তঃনগর ট্রেনগুলো আগামী ১৬ আগস্ট থেকে ধীরে ধীরে চালু করা হবে। চাহিদা ও গুরুত্ব বিবেচনায় কোন কোন ট্রেন আগে চালু করা হবে তার একটি তালিকা করার জন্য রেলের পরিচালনা (অপারেশন) বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরো জানা যায়, ট্রেনের চলাচল বাড়লেও চলমান করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হবে। তবে এখনই ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রি শুরু করা হচ্ছে না। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় বর্তমানে বন্ধ থাকা ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী ও টঙ্গী স্টেশন চালু হতে সময় লাগবে।
এ বিষয়ে রেলের মহাপরিচালক শামসুজ্জামান বলেন, আগামী ৩০ আগস্টের মধ্যে সকল আন্তঃনগর ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে লোকাল ও মেইল ট্রেন চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশে নভেল করোনাভাইরাসে প্রাদুর্ভাব দেখা দিলে সংক্রমণের বিস্তার মোকাবেলায় গত ২৪ মার্চ সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল বিভাগ। এরপর দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত ৩১ মে প্রথম আট জোড়া ও গত ৩ মে আরো ১১ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করে। কিন্তু এর কিছুদিন পর যাত্রী সংকট ও পরিস্থিতি বিবেচনায় ২ জোড়া ট্রেন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সারাদেশে মোট ১৭ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে।রেলের পরিচালনা বিভাগ সূত্রে জানা যায়, স্বাভাবিক অবস্থায় দেশে মোট ৫০ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। বর্তমানে ৩৩ জোড়াই বন্ধ রয়েছে। সেগুলোই আগামী ১৬ আগস্ট থেকে পর্যাক্রমে চালু করা হবে।