এবিএম আহসানুল রহমান লাবু,স্টাফ রির্পোটার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে এবং চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নয়া মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত মোঃ আজিজুল মাস্টারের বাড়ির পাশের রাস্তার জমি নিয়ে প্রতিবেশী মোঃ আসাদুজ্জামান ও তাঁর লোকজনের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। আজ রোববার দুপুর আড়াইটার দিকে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসা তথা পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যান শিক্ষক মনোরঞ্জন রায়।
এ সময় আসাদুজ্জামান ও তার সহযোগীরা শিক্ষকে গাছের ডাল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে পাশের একটি ধানক্ষেতে লুটিয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে মনোরঞ্জন রায়ের বয়স হয়েছিল ৫৫ বছর।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্থানীয় বাসিন্দা মোঃ আল রোমান। পরে পার্বতীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামান কে আটক করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে মাঝখানে প্রাণ হারালো শিক্ষক মনোরঞ্জন রায়।