মিরু হাসান,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটখোলা বাঁশহাটি-শান্তিনগর এলাকায় প্রায় দশ-এগারো বছর ধরে সংস্কার হয়নি একটি সংকীর্ণ সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকা রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
ফলে শিক্ষার্থী, রোগী, প্রতিবন্ধী ব্যক্তি ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করলেও তারা পাচ্ছেন না ন্যূনতম নাগরিক সুবিধা।
এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে গত রোববার বিকেলে সান্তাহার পৌরসভার প্রশাসনের কাছে ৩৩টি পরিবারের স্বাক্ষরসংবলিত একটি লিখিত অভিযোগ দিতে যান এলাকাবাসী। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগপত্রটি গ্রহণ না করার অভিযোগ উঠেছে পৌরসভার কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে। শান্তিনগর এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারা অভিযোগপত্র দিতে গেলে রফিকুল ইসলাম তাদের সঙ্গে অসৌজন্যমূলক ও অকথ্য ভাষায় কথা বলেন এবং সেখান থেকে চলে যেতে বলেন।
এলাকাবাসীর অভিযোগ, রফিকুল ইসলাম তাদের বলেন, “সাবেক কাউন্সিলর মো. শাকিলকে দিতে পারেন। শাকিল দুই পক্ষকে নিয়ে বিষয়টি দেখবে। তোরা যা, বাসায় গিয়ে বসে সমাধান কর। এখান থেকে কোনো লাভ হবে না। অভিযোগকারীরা বলেন আমরা ইউনু। স্যারের কাছে যাব। রফিক প্রতি উত্তরে বলেন ইউএনও স্যার তোমাদের সঙ্গে এসব বিষয় দেখার সময় পাবেন না। তাই ইউএনও স্যারের কাছে গিয়েও লাভ হবে না।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে থাকা সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। বিশেষ করে অসুস্থ, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।