admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৩ ১২:৪৯ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ায় ককটেল বিস্ফোরণ ও কাভার্ডভ্যানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কিন্তু এই তফসিল ঘোষণার পর পরই শহরের সুত্রাপুরে মফিজ পাগলার মোড় এলাকায় পর পর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে পুলিশ সুপারের অফিস ও বাসভবন লক্ষ্য করেও তিনটি ককটেল নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তফসিল প্রত্যাখ্যান করে কয়েকজন যুবক কয়েকটি মোটর সাইকেলে এসে সেখানে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এতে আতংক ছড়িয়ে পড়লে লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করে। ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করেন। পরে সেখানে আইন শৃংখলা বাহিনী পৌছিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, রাত ৮টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফটকি ব্রীজের কাছে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাসড়কে টায়ার জ্বালিয়েও প্রতিবাদ করে অবরোধকারীরা। এদিকে রাত সোয়া ৯টার দিকে পুলিশ সুপারের অফিস লক্ষ্য করে দু’টি এবং একই সময় শহরের মালতীনগরে পুলিশ সুপারের বাসভবনের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এর মধ্যে একটি ককটেল এসপি’র অফিসের মধ্যে পড়ে বলে নির্ভযোগ্য সূত্রে জানা গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অপরদিকে, রাত পোনে ৯ টার দিকে শাজাহানপুরের ফুলদিঘীতে মহাসড়কে একটি কাভার্ডভ্যানে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।