admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঝিনাইদহে যুবলীগ নেতা নয়ন হত্যাচেষ্টার অন্যতম আসামি সন্ত্রাসী এনামুল কবির বিপ্লবকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শরিফুল বিশ্বাসের ছেলে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, গেল মাসের ২৮ তারিখ সন্ধ্যায় সদর উপজেলার বয়ড়াতলা ফকিরপাড়া এলাকায় যুবলীগ নেতা নয়ন ইসলাম ও বাবুল আক্তারকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। সেই ঘটনায় নয়নের পিতা জাহাঙ্গীর আলম সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলার পলাতক আসামি এনামুল কবির বিপ্লব ঢাকার মহাখালী এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে র্যাব। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।