admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১ ১২:৪৯ পূর্বাহ্ণ
দ. কোরিয়া বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে। করোনার মহামারিতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তার জন্য ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল বা ইডিসিএফ থেকে এই অর্থ ছাড়ের জন্য একটি চুক্তি সই করেছে উভয় দেশ। জানা যায়, চুক্তিতে দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে সই করেন এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের নির্বাহী পরিচালক কিম তে সু। অপরদিকে, বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের, ইআরডি, অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।
কোরিয়া এক্সিম ব্যাংক থেকে এই মাসের মধ্যেই অর্থ ছাড় প্রদান করা হবে বলে জানানো হয়েছে। কোরিয়ার একটি উন্নয়ন অর্থায়ন কর্মসূচি ইডিসিএফ উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তার জন্য স্বল্প সুদে এই ঋণ দিয়ে থাকে। চুক্তির শর্ত অনুযায়ী, এই ঋণের বার্ষিক সুদের হার ০.০৫ শতাংশ। আর ১৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ম্যাচুরিটি সময়কাল ৪০ বছর।
প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে সহায়তার জন্য কোরিয়া প্রজাতন্ত্র ইতোমধ্যেই ২০২০ সালের ডিসেম্বরে বাজেট সহায়তা হিসেবে ৫ কোটি মার্কিন ডলার ইডিসিএফ ঋণ প্রদান করেছে। একই ধরনের কনসেশনাল লোনের দ্বিতীয় বিধান এটি।