admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২১ ১২:৫৫ অপরাহ্ণ
ইক্কা মির্জা, স্টাফ রিপোর্টার মালেশিয়াঃ শ্রমিক নিয়োগে শ্রম বাজার সংক্রান্ত সমঝোতা চুক্তি বা এমওইউ সই করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। এর ফলে দীর্ঘ সময় পর বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত হল মালয়েশিয়ার শ্রম বাজার। যা মালয়েশিয়ায় গমনেচ্ছুক বাংলাদেশিদের জন্য একটি অত্যন্ত সুখবর। জানা যায়, মালয়েশিয়ার পুত্রজায়ায় আজ রোববার, ১৯ ডিসেম্বর, এ চুক্তি সই হয়। চুক্তিপত্রে বাংলাদেশের পক্ষে সই করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।
অপরদিকে, মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর, দ্বিতীয়, মো. হেদায়েতুল ইসলাম মন্ডল এবং উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে আজ রোববার স্থানীয় সময় ভোর ৫টায় মালয়েশিয়ার বিমানবন্দরে পৌঁছান প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। সম্প্রতি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার অনুমতি দিয়ে মালয়েশিয়ার মন্ত্রিসভা একটি বিল পাস করে। এরপরই প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির শ্রম বাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়ে যায়।