admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
ভারতের মেঘালয় ও বাংলাদেশের ময়মনসিংহের হালুয়াঘাটে নতুন দুটি স্থলবন্দরের নির্মাণ কাজ চলছে। ময়মনসিংহের উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে গোবরাকুড়া, ৬ কিলোমিটার দূরে কড়ইতলী বন্দরের অবস্থান। নদীর তীববর্তী স্থলবন্দর দুটি থেকে কয়েক শ গজ দূরে মেঘালয়ের পাহাড়ি অঞ্চল। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ৬৭ কোটি টাকা ব্যয়ে গোবরাকুড়া বন্দরের ৯০ শতাংশ আর কড়ইতলীর ৮০ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে।

চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ যাবতীয় কাজ সম্পন্ন করে আগামী বছরের মাঝামাঝি উদ্বোধনের আশা করা হচ্ছে। গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দর উন্নয়ন-এর নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। করোনা মহামারির কারণে মার্চ থেকে স্থবির হয়ে পড়ে প্রকল্পটির কাজ। এখন তাতে গতি ফেরায় স্বপ্ন বুনছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তারা বলছেন, মেঘালয়ে শিল্প কারখানা না থাকায় স্থলবন্দর দুটি চালু হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাড়বে।
খাদ্য ও ফল-মূলের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাড়লে সরকারের রাজস্ব আয় বাড়বে। এখান থেকে আগে কয়লা আমদানি করা হলেও তা বর্তমানে বন্ধ রয়েছে। সংশ্লিষ্টদের আশা, বন্দর দুটি চালু হলে কয়লার পাশিপাশি বিভিন্ন ধরনের পণ্য মেঘালয়, আসাম, ভুটান ও নেপালে আদমানি-রপ্তানি করা সম্ভব হবে।এ বিষয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হাসান আলী বলেন, বন্দর দুটির মাধ্যমে স্থানীয়দের বড় ধরনের কর্মসংস্থান তৈরি হবে। এলাকাটি ততটা উন্নত না হওয়ায় বন্দরকে কেন্দ্র করে ভালো কিছুর আশা করা হচ্ছে।