admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ণ
তুরস্কের পুলিশ প্রধানের সঙ্গে আইজিপি বেনজীর আহমেদের বৈঠক। তুরস্কের পুলিশ প্রধান মেহমেত আকতাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, আইজিপি, বেনজীর আহমেদ। ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে অংশ নিতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন বাংলাদেশ পুলিশের প্রধান। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, তুরস্কের পুলিশ প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, দুই দেশের পুলিশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের পুলিশ প্রধানের মধ্যকার সাক্ষাৎকার অত্যন্ত সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে অর্গানাইজড ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম, সাইবার ক্রাইমসহ অন্যান্য অপরাধ শনাক্ত ও দমনের কৌশল নিয়েও মতবিনিময় করেন দুই পুলিশ প্রধান।
প্রসঙ্গত, আন্তর্জাতিক পুলিশ সংগঠন ইন্টারপোলের সম্মেলনে অংশ নিতে তুরস্কে অবস্থানরত আইজিপি সম্মেলনের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর পুলিশ প্রতিনিধি দল এবং আসিয়ানপোলের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করছেন।