admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২১ ৬:৫০ অপরাহ্ণ
রাশিয়, সিরিয়ায় ইসরায়েলি অবৈধ বিমান হামলা অগ্রহণযোগ্য। রাশিয়া জোর দিয়ে বলেছে, সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের লাগাতার অবৈধ বিমান হামলা অগ্রহণযোগ্য এবং এই ধরনের হামলার প্রতিক্রিয়ায় শক্তি ব্যবহার করা গঠনমূলক হবে না। বুধবার, ১৭ নভেম্বর, ভোরে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েকটি বিমান হামলা চালায়। খবর দ্য সিরিয়ান অবজারভার। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার গোলান হাইটসের দিক থেকে দামেস্কের দক্ষিণে একটি খালি ভবন লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সিরিয়ায় একটি অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্টের দূত আলেকজান্ডার লাভরেন্টিয়েভ বলেছেন, সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অবৈধ হামলা অমানবিক কাজ। আমরা এগুলোকে প্রত্যাখ্যান করি। পুতিনের রাষ্ট্রদূত বলেন, এই ধরনের হামলার জবাবে শক্তি ব্যবহার করা হবে অগঠনমূলক। কারণ কোনো পক্ষই সিরিয়ার ভূখণ্ডে যুদ্ধ করতে চায় না। সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করার প্রয়োজনীয়তার জন্য সকল স্তরে সংলাপের আহ্বান জানান তিনি।
ল্যাভরেন্টিয়েভ বলেন, রাশিয়া এই প্রেক্ষাপটে কাজ চালিয়ে যাবে যতক্ষণ না বর্তমান সংকটের সম্পূর্ণ সমাধান হয়। রাশিয়ার বিবৃতি মতে, সিরিয়ায় ইরানের প্রভাব হ্রাস করার জন্য তেল আবিব, দামেস্ক এবং মস্কোর মধ্যে একটি সমঝোতার স্মারক অনুসরণ করে আসছে রাশিয়া। খবরে বলা হয়, বিগত বছরগুলোতে ইসরায়েল সিরিয়ায় কয়েক শ বিমান হামলা চালিয়েছে সরাসরি দেশটির সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে। ইরান-সমর্থিত উপদলগুলোর প্রবেশাধিকার, বিশেষ করে লেবানিজ হিজবুল্লাহ ঠেকাতে ইসরায়েল হামলাগুলো চালায়। অবশ্য সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালানোর বিষয়ে ইসরায়েল খুব কমই স্বীকার করে।
অক্টোবরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সমুদ্র উপকূলবর্তী শহর সোচিতে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা সম্মত হন, নীতি বজায় রাখতে ইসরায়েল সিরিয়ায় স্বাধীনভাবে কাজ করার অধিকার পাবে। বলা হয়, রাশিয়া সিরিয়ায় আইডিএফের বিমান অভিযানে বাধা দেবে না।