admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ
আজারবাইজান ও আর্মেনিয়া ফের সংঘাত। আজারবাইন-আর্মেনিয়ার মধ্যে আবারও সংঘাতের খবর পাওয়া গেছে। আজারবাইজানের সশস্ত্র বাহিনী আর্মেনিয়ার সিউনিক প্রদেশে দেশটির সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আর্মেনিয়ার অভিযোগ, হামলায় আজারবাইজান ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে। দেশটির দাবি, হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছে। গ্রিক সিটি টাইমস এ খবর দিয়েছে। স্থানীয় সাংবাদিক ডেভিড তোরোসিয়ানের মতে, আর্মেনিয়ান সামরিক বাহিনীকে আজারবাইজানি ইউনিটের হামলা প্রতিরোধ করতে হয়েছে।

আজারবাইজানের সামরিক বাহিনী সিউনিক প্রদেশের সিটসেরনাকাকার এলাকায় দুটি নতুন ঘাঁটি দখল করার চেষ্টা করে। এ সময় অগ্নিসংযোগও করা হয়। তবে অগ্নিসংযোগের দায় অস্বীকার করেছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা পাল্টা আর্মেনিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে কামান হামলার অভিযোগ করেছে। খবরে বলা হচ্ছে, আজারবাইজানি আগ্রাসনের কারণে সৃষ্ট সবশেষ সংঘাতে আজেরি বাহিনী কামান, সাঁজোয়া যান এবং বিভিন্ন ক্যালিবারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এটাও জানা গেছে, মঙ্গলবারের সংঘাতে আজারবাইজান একটি সাঁজোয়া যান হারিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আজারবাইজানের স্বায়ত্তশাসিত নাখিচেভান প্রদেশটি আর্মেনিয়ার সিউনিক প্রদেশ দ্বারা বিভক্ত। আজারবাইজানের সামরিক বাহিনী সম্ভবত এমটু/ই১১৭ হাইওয়ে দখল করার চেষ্টা করছে। এটি করার উদ্দেশ্য কেবল সিউনিক প্রদেশকে দখলে নেওয়ার পদক্ষেপই নয়, এটি আর্মেনিয়াকে আর্টসাখ থেকে বিচ্ছিন্ন করবে।
আজারবাইজানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর্মেনিয়া নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আর্মেন গ্রিগরিয়ান ১৯৯৭ থেকে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিলেন। চুক্তি অনুসারে রাশিয়া আর্মেনীয় ভূখণ্ড রক্ষা করবে। এরপরও সমাধান না হলে ইয়েরেভান অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে মিলে লড়বে বলে জানানো হয়েছিল।