admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১ ৮:৫০ পূর্বাহ্ণ
ব্রিটেন বাংলাদেশে স্বচ্ছ ও অবাধ নির্বাচন প্রত্যাশা করে। ঢাকা সফররত ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ ডেভেলপমেন্ট মিনিস্টার লর্ড তারিক আহমেদ বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচন প্রত্যাশা করে। বিশ্বের প্রতিটি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে স্বচ্ছ ও অবাধ নির্বাচন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-যুক্তরাজ্য: অংশীদারত্বের অগ্রগতি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সোমবার, ১৫ নভেম্বর, এ কথা বলেন ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ মন্ত্রী।
অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লর্ড আহমেদ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে হলে নানা ধরনের চর্চা করা দরকার। এসব চর্চার মাধ্যমেই গণতন্ত্র স্থিতিশীল হয়। একটি দেশের জনগণই ঠিক করবে সেদেশটি কোনদিকে যাবে। তাই বাংলাদেশের জনগণ ঠিক করবে যে বাংলাদেশ কোনদিকে যাবে। তাছাড়া কোনো দেশ যদি তাদের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে চায়, সেক্ষেত্রে ওই দেশে অংশগ্রহণমূলক রাজনীতি অত্যন্ত জরুরি।
তারিক আহমেদ বলেন, শক্তিশালী বিরোধী দল আর সুশীল সমাজ উন্নয়নের ক্ষেত্রে যেমন গুরুত্ব রাখে তেমনি নির্বাচনে স্বচ্ছতা থাকাও জরুরি। সুতরাং যুক্তরাজ্য প্রত্যাশা করে যে, বাংলাদেশে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে। এর আগে সোমবার সকালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তিন দিনের সফরে ঢাকায় আসেন এই ব্রিটিশ মন্ত্রী। লর্ড তারিক আহমেদ ফরেন অ্যান্ড কমনওয়েলথ ডেভেলপমেন্ট মিনিস্টারের পাশাপাশি সংঘাতে যৌন সহিংসতা প্রতিরোধে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি।
এদিকে, ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লর্ড আহমেদ বাংলাদেশে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং সরকারের বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।