admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন গাদ্দাফির ছেলে। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার আল-গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ২৪ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরটি জানিয়েছে আল জাজিরা। নির্বাচন কমিশনের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, গতকাল রোববার সেবা শহরে হাই ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন অফিসে প্রেসিডেন্ট পদে নিজের প্রার্থিতা জমা দেন সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি।

লিবিয়ার আল-মারসাদ নিউজ ওয়েবসাইট ফেসবুকে সাইফ আল-ইসলামের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরসভার নির্বাচন কমিশনের অফিসে তিনি আবেদন পেশ করছেন। ওই ভিডিওতে সাইফ আল-ইসলামকে লম্বা সাদা দাড়ির সাথে লিবিয়ার ঐতিহ্যবাহী পোশাক পরা অবস্থায় দেখা যায়। তার বাবা মুয়াম্মার আল গাদ্দাফিকে প্রায়ই এ ধরনের পোষাকে দেখা যেত।
গত বছরের ১৫ নভেম্বর তিউনিসিয়ায় লিবিয়ার নির্বাচন সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতিসংঘ-স্পনসর্ড একটি চুক্তির অধীনে রাষ্ট্রপতি এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে দেশটির নির্বাচন কমিশন গত ৮ নভেম্বর থেকে প্রার্থীদের জন্য নিবন্ধন চালু করে। ধারণা করা হচ্ছে, সাইফ গাদ্দাফি, পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেইবাহ ও পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ লিবিয়ার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
লিবিয়ানদের প্রত্যাশা, আসন্ন নির্বাচন দেশটির সশস্ত্র সংঘাতের অবসান ঘটাতে সাহায্য করবে। আরব বসন্তের জেরে মুয়াম্মার আল গাদ্দাফির পতন ও মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তেলসমৃদ্ধ দেশটি গৃহযুদ্ধে জর্জরিত হয়ে আছে।