admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২১ ৮:০১ পূর্বাহ্ণ
মার্কিন কনস্যুলেট ফিলিস্তিনিদের জন্য খুলায় ইসরায়েলের ঘুম হারাম। ফিলিস্তিনের ঐতিহাসিক পবিত্র আল-কুদস শহর তথা পূর্ব জেরুজালেমে মুসলমানদের জন্য মার্কিন কনস্যুলেট খুলতে দেবে না দখলদার ইসরায়েল। গতকাল শনিবার শহরটিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ। ফিলিস্তিনিদের সেবা দেয়ার জন্য জেরুজালেমে মার্কিন কনসুলেট খোলার জায়গা হবে না উল্লেখ করে বেনেট বলেন, বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছেন তিনি এবং তার পররাষ্ট্রমন্ত্রী।
ফিলিস্তিনি জনগণের জন্য বরং অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় মার্কিন কনস্যুলেট খোলার পরামর্শ দিয়েছেন তারা। তেল আবিবের এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পূর্ব জেরুজালেম বা আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা। কিন্তু শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে আগেই মার্কিন দূতাবাস সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই নীতি থেকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরে আসেননি। তবে সম্প্রতি ফিলিস্তিনিদের জন্য একই শহরে বন্ধ হয়ে যাওয়া মার্কিন কনস্যুলেট খোলার পরিকল্পনার কথা জানান তিনি। এ নিয়ে ওয়াশিংটন এগোচ্ছে বলে গত মাসে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পার্সটুডের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সময় বন্ধ হয়ে যাওয়া মার্কিন ওই কনস্যুলেটটি অতীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি ডি-ফ্যাক্টো দূতাবাস হিসেবে ব্যবহার হতো। সেটি ফের চালুর বিষয়ে আলোচনা শুরু হলে তীব্র বিরোধিতা শুরু করে ইসরায়েল।
তবে এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা অনড় রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। সম্প্রতি বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কনস্যুলেটটি নভেম্বরের মাঝামাঝি সময়ে খুলবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি নেসেটে অনুমোদনের পর এটি বাস্তবায়ন করা হবে।