admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২১ ৭:৫০ অপরাহ্ণ
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণের রেকর্ড। ভয়াবহ দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটি চলতি বছরের সবচেয়ে দূষিত দিন পার করছে আজ শুক্রবার। এদিন দিল্লির বায়ুমান সূচক ৪৫১ বলে জানিয়েছে দ্য এয়ার কোয়ালিটি ইনডেক্স, একিউআই। রয়টার্স জানায়, গতকাল বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবে আতশবাজি ফোটানোর পর নিষেধাজ্ঞা দেয়া হয়। সেটি না মানায় আতশবাজির ধোঁয়ায় ঢেকে যায় দিল্লির আকাশ। এটিসহ অন্যান্য কারণে বায়ুদূষণের মাত্রা ব্যাপকভাবে বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
দীপাবলিতে প্রতিবছর আতশবাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে থাকে ভারত সরকার বা দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু এই বিধিনিষেধ খুব একটা মানা হয় না। এ ছাড়া এই সময়ে দিল্লির প্রতিবেশী পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ফসল তোলার পর অবশিষ্ট অংশ পুড়িয়ে থাকেন কৃষকরা। দিল্লির বায়ুদূষণের পেছনে প্রধান এই দুই কারণের মধ্যে আতশবাজিতে দূষণের মাত্রা সবচেয়ে বেশি। এমনটাই মনে করেন দেশটির সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের বিশ্লেষক সুনীল দাহিয়া। তিনি বলেন, এ জন্য আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দেয়া হলেও তাতে তেমন একটা কাজে আসছে না, যা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
খবরে বলা হয়, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভারত সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। যদিও চলমান জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমানোর কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৭০ সাল নাগাদ কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা শূন্যে নামিয়ে আনার কথা দেশটির।