admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২১ ৯:৫৮ পূর্বাহ্ণ
ইরানের তেলবাহী একটি জাহাজ দখলের মার্কিন চেষ্টা ব্যর্থ । যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার নিয়ে ইরানের তেলবাহী একটি জাহাজ দখলের চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্রের সেনারা। তবে মার্কিন অপতৎপরতা রুখে দিয়েছে দেশটির ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি। ওমান সাগরে এই ঘটনা ঘটে বলে আজ বুধবার জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা ও রয়টার্স জানায়, ওমান সাগরে ওই তেলবাহী ট্যাংকারটি দখলে নিয়ে অজানা গন্তব্যে রওনা দিয়েছিল মার্কিন বাহিনী।
খবর পেয়ে সেটি উদ্ধার করে নিজেদের পানিসীমানায় নিয়ে আসার চেষ্টা করে ইরানি বাহিনী। এ সময় দ্বিতীয়বার তেলের জাহাজটি দখলের চেষ্টা হলে তা প্রতিরোধে করা হয়। উদ্ধার হওয়া জাহাজটি ইরানের পানিসীমানায় রয়েছে উল্লেখ করে খবরে বলা হয়, খুব শিগগিরই উদ্ধার অভিযানটির ভিডিও প্রকাশ করবে তেহরান। ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
এ বিষয়ে আজ বুধবার ইরানি মন্ত্রীর প্রতিক্রিয়া আসলেও ঘটনার সময় এবং ক্ষয়ক্ষতির তথ্য উল্লেখ করা হয়নি খবরে। এ বিষয়ে বাইরানে দায়িত্বরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট বলছে, খবরটি দৃষ্টিগোচর হলেও তাদের কাছে জানানোর মতো কোনো তথ্য নেই। সাম্প্রতিক সময়ে উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে ওয়াশিংটনকে বারবার সতর্ক করে আসছে তেহরান। তাতে কাজ না হওয়ায় মার্কিন হুমকি মোকাবেলায় সাগরে টহল বাড়িয়েছে বিপ্লবী গার্ড বাহিনী।