admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২১ ৮:১০ অপরাহ্ণ
গ্রিসের ক্রিট দ্বীপের কাছাকাছি সমুদ্র থেকে ৩৮২ জন শরণার্থী বোঝাই একটি কার্গো জাহাজ উদ্ধার করেছে গ্রিস। ওই শরণার্থীদের অধিকাংশই আফগানিস্তান থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। গত শুক্রবার বিপদ সংকেত পাওয়ার পর রোববার জাহাজটিকে উদ্ধার করা হয়। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ। প্রতিবেদনে জানানো হয়েছে, উদ্ধার হওয়া যাত্রীদের উদ্ধৃতি দিয়ে গ্রিক উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তুর্কি পতাকাবাহী মুরাত-৭২৯ জাহাজটি তুরস্ক থেকে যাত্রা শুরু করেছিল।
জাহাজটি উদ্ধারের ঘটনাকে পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের অন্যতম এক বড় উদ্ধার অভিযান বলে অভিহিত করেছে উপকূলরক্ষীরা। উল্লেখ্য, তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম রুট গ্রিস। কিন্তু ২০১৬ সালে শরণার্থীর ঢল ঠেকাতে তুরস্কের সঙ্গে ইইউ’র চুক্তি সইয়ের পর এ সংখ্যা অনেক কমেছে। ২০১৫ সালে তুরস্কের কাছাকাছি গ্রিক দ্বীপ হয়ে ইইউ-এ প্রবেশ করেছিল প্রায় ১০ লাখ মানুষ। যাদের বেশিরভাগই ছিল সিরীয়।
চলতি বছরের আগস্টে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর আবার নতুন শরণার্থী সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এরই মধ্যে গত মঙ্গলবার তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে একটি নৌকা ডুবে চার শরণার্থীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই ছিল শিশু।