admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ণ
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এ সাইবার হামলা! সাইবার আক্রমণের শিকার হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান। এতে গত শনিবার পাবলিক সেক্টরের হাজার হাজার কর্মচারীর বিল দেয়াসহ বেশ কিছু নিয়মিত পরিষেবা বিলম্বিত হয়। তবে ব্যাংকটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রাহকদের আমানত ও তথ্য পুরোপুরি নিরাপদ রয়েছে। আরব নিউজ। ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান (এনবিপি) এক বিবৃতিতে জানায়, ২৯ অক্টোবরের শেষদিকে এবং ৩০ অক্টোবর ভোরে ব্যাংকের সার্ভারে সাইবার-আক্রমণ শনাক্ত করা হয়। এর ফলে কিছু পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর পরপরই প্রভাবিত সিস্টেমগুলোকে বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করে এনবিপি। ব্যাংকটি জানায়, সাইবার হামলার কারণে এনবিপির কম্পিউটার সিস্টেমের একটি অংশ প্রভাবিত হয়েছিল। ফলে সরকারি সেক্টরের হাজার হাজার কর্মচারীর অর্থ প্রদানে বিলম্ব হতে পারে। এনবিপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হ্যাকাররা প্রধান সার্ভারে অ্যাক্সেস পেতে ব্যর্থ হয়েছে, তবে তারা কিছু কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়েছে।
বিশেষজ্ঞরা ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিদেশি ও স্থানীয় বিশেষজ্ঞরাও সিস্টেমটিকে ভাইরাসমুক্ত করতে কাজ করছেন। ঘটনার প্রেক্ষিতে এক টুইট বার্তায় পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানায়,এনবিপি একটি সাইবার নিরাপত্তা-সম্পর্কিত ঘটনা রিপোর্ট করেছে, যা তদন্ত করা হচ্ছে। তবে কোনো তথ্য ফাঁস বা আর্থিক ক্ষতি লক্ষ্য করা যায়নি। অন্য কোনো ব্যাংক এ ধরনের কোনো ঘটনার রিপোর্ট করেনি।