admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১ ৯:২৫ অপরাহ্ণ
আজ রোববার মেলবোর্নের স্টে-হোম অর্ডার তুলে নেয়ার ঘোষণা। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বিশ্বের দেশে দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে, একটি নির্দিষ্ট সময় পর আবার তুলেও নেয়া হয়। এর ব্যতিক্রম ছিল কেবল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী মেলবোর্ন। সেখানে বিশ্বের দীর্ঘতম লকডাউন জারি থাকলেও তা আগামী বৃহস্পতিবার প্রত্যাহার করা হচ্ছে। আজ রোববার মেলবোর্নের স্টে হোম অর্ডার তুলে নেয়ার ঘোষণা দেন ভিক্টোরিয়া প্রদেশের প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুজ। শহরটির ৭০ শতাংশ মানুষকে করোনা টিকাদান সম্পন্ন হওয়ায় লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এটিকে অসাধারণ দিন, ভিক্টোরিয়াবাসীর গর্বের দিন হিসেবে বর্ণনা করেছেন ড্যানিয়েল অ্যান্ড্রুজ। স্থানীয় কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার থেকে লকডাউন, কারফিউ কিংবা কোনো ধরনের বিধিনিষেধ থাকছে না। সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের মার্চে প্রথম লকডাউন জারি করা হয় মেলবোর্নে। ৬ বার সময় বাড়ানোয় ২৬২ দিন বিধিনিষেধের অধীনে ছিল শহরটি। বিশ্বের দীর্ঘতম লকডাউনের ক্ষেত্রে মেলবোর্নের পরেই রয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স।
সেখানে সব মিলিয়ে মোট ২৩৪ দিন করোনাকালীন কঠোর বিধিনিষেধ জারি ছিল। গোটা বিশ্বকে কাঁপন ধরিয়ে দেয়া করোনার উৎপত্তিস্থল হিসেবে বিবেচনা করা হয় চীনের উহানকে। ২০১৯ সালের ডিসেম্বরে সেখান থেকে ছড়ানো এই ভাইরাসে বিশ্বের বেশিরভাগ দেশ এখনো ভুগছে।