admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
আফগানিস্তানের কান্দাহারে মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ৩২জন। কুন্দুজ শহরের পর এবার দেশটির কান্দাহার শহরের প্রধান শিয়া মসজিদে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং অর্ধশত মুসল্লি আহত হয়েছেন। আজ শুক্রবার, ১৫ অক্টোবর, জুমার নামাজের সময় এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়। এর আগে গত সপ্তাহে কুন্দুজের একটি শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটনানো হয়। একটি স্থানীয় সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে। কাতার-ভিত্তিক আল জাজিরা বলছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের বিবি ফাতিমা মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় এই বর্বরোচিত হামলা চালানো হয়। স্থানীয় শিয়া সম্প্রদায়ের এটি সবচেয়ে বড় মসজিদ।
প্রদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ক্বারি সৈয়দ খোসতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাশাপাশি তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার জুমার নামাজের সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৪৬ জন নিহত এবং দেড় শতাধিক লোক নিহত হয়।
ওই হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ। আফগানিস্তানে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কুন্দুজের হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করার আশ্বাস দিয়েছে।