admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২১ ৫:৪৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র ও লেবাননের দুই বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন। লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান এবং মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস যৌথভাবে এবার চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট আজ সোমবার, ৪ অক্টোবর, চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে। তাপমাত্রা এবং স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের গবেষণার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, ডেভিড জুলিয়াস চিকিৎসা শাস্ত্রের শরীরতত্ত্ব এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান মেডিসিনের ওপর এই সম্মানজনক পুরস্কার পেলেন।

তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ বিষয়ে নোবলে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের এই আবিষ্কার যুগান্তকারী। এর ফলে আমরা জানতে পেরেছি যে, কীভাবে তাপ, ঠাণ্ডা এবং যান্ত্রিক শক্তি আমাদের অনুভূতিকে নাড়া দেয় এবং সেটা আমরা উপলব্ধি করতে পারি। একই সঙ্গে পৃথিবীর সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারি। এই অনুভূতি বোঝার জন্য তাদের আবিষ্কৃত রিসেপ্টর খুবই গুরুত্বপূর্ণ।
এর আগে গত বছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছিলেন দুই মার্কিন বিজ্ঞানী হার্ভে জে আল্টার ও চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার এবং এর চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা নোবেল পেয়েছিলেন। এ ছাড়া তার আগের বছরও তিন বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল দেওয়া হয়। উল্লেখ্য, স্যার আলফ্রেড নোবেলের নামানুসারে ১৯০১ সাল থেকে এই সম্মানজনক পুরস্কার দেওয়া হচ্ছে। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড ৩ কোটি ১০ লাখ ক্রোনার রেখে যান, বর্তমান বাজারে যা প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান। তার রেখে যাওয়া ওই অর্থ থেকেই বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।
জানা যায়, শুরুতে তথা ১৯০১ সালে রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য এবং শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। পরবর্তীতে ১৯৬৮ সালে এর সঙ্গে অর্থনীতিতেও নোবেল দেওয়া শুরু হয়। এ বছর আজ, ৪ অক্টোবর, থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত এসব ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।