admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১০:১৮ অপরাহ্ণ
সুইডিশ শহর গোথেনবার্গের একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আজ মঙ্গলবার ভোরে সংগঠিত এই বিস্ফোরণে কমপক্ষে ২৫ জনকে হাসপাতালে নিতে দেখা গেছে। সাহলগ্রেনস্কা বিশ্ববিদ্যালয় হাসপাতালের একজন প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। দ্য ন্যাশনাল নিউজ। শহরের আনেডাল জেলায় ঘটনা তদন্তকারী পুলিশ বিশ্বাস করছে না যে, এটি স্বাভাবিকভাবেই ঘটেছে। পুলিশের মুখপাত্র থমাস ফক্সবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বিশ্বাস করি এমন কিছু বিস্ফোরিত হয়েছে যার কারণ প্রাকৃতিক নয়।
জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, তারা আগুন নিভিয়েছে এবং ভবনের ভেতরে আটকা পড়া লোকদের উদ্ধারে কাজ করছে। অ্যাপার্টমেন্টগুলোর ব্লক থেকে ১০০ জনেরও বেশি বাসিন্দাকে স্থানান্তর করা হয়েছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পঞ্চাশজন দমকলকর্মী কাজ করেন।বৃহত্তর গোথেনবার্গ রেসকিউ সার্ভিসের অপারেশন ম্যানেজার জন পাইল বলেন, বিস্ফোরণের পর বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টে আগুন জ্বলছিল। আগুন নেভানোর চেষ্টা করার সময় একজন দমকলকর্মী আহত হন। বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট এবং সিড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়।
অ্যাপার্টমেন্ট ব্লকে বসবাসকারী এক ব্যক্তি জানান, প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে যায়। অ্যাপার্টমেন্ট থেকে ধোঁয়া বের হচ্ছিল। তিনি বলেন, আমরা যখন উঠোনে নেমেছিলাম, তখন কয়েকজনকে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেছি। জরুরি পরিষেবার একজন প্রতিনিধি জানান, বিস্ফোরণ ও আগুনের আশপাশ থেকে কয়েকশ মানুষকে স্থানান্তর করা হয়েছে। ধোঁয়ায় ভরা সিঁড়ি দিয়ে অ্যাপার্টমেন্ট থেকে লোকজনকে টেনে আনা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় গ্যাং অপরাধ বেড়ে চলেছে। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠিগুলো বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে। সুইডেনের পশ্চিম উপকূলের প্রধান শহর গোথেনবার্গের জনসংখ্যা ৫ লাখ ৮০ হাজার।