admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:২২ অপরাহ্ণ
আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে উত্তর দিল্লির রোহিণীতে। ভারতের দিল্লিতে আদালতের মধ্যে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা আইনজীবীর পোশাক পরে আদালতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হলে তৃতীয় পক্ষ হিসেবে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।ঘটনার সূত্রপাত কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগীকে নিয়ে। বেশ কয়েকটি মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারের পর দিল্লি পুলিশের একটি দল তাকে আদালতে তোলে আজ।
এ সময় আদালতে প্রবেশ করা গোগীর বিরোধী পক্ষ তাকে হত্যার উদ্দেশে গুলি ছুড়তে শুরু করে। আদালতে থাকা গোগীর পক্ষের লোকেও পাল্টা গুলি চালায়। দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেন, গোগীকে এজলাসে তুলতে যাওয়ার সময় গোলাগুলি শুরু হয়। মুহূর্তকাল দেরি না করে পুলিশও গুলি চালায়। পুলিশের গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জেনেছি। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
উত্তর দিল্লির রোহিণী এলাকায় দীর্ঘদিন ধরে দুটি গ্যাংয়ের মধ্যে বিবাদ চলছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা প্রায়ই সংঘর্ষে লিপ্ত হতো। একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জিতেন্দ্র গোগী। তাকে গ্রেপ্তারের পর আদালতে নিয়ে আসা হলে হত্যার উদ্দেশে গুলি চালানো হয়। পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকার সময় সন্ত্রাসী গোগীও অনেককে হত্যা করেছে।