admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২১ ৭:২৯ পূর্বাহ্ণ
ফারো আইল্যান্ডে ১ হাজার ৪২৮টি ডলফিন হত্যা! ডলফিন শিকার করা হয়েছে। এ অঞ্চলের ইতিহাসে ডলফিন শিকারের এটাই সবচেয়ে বড় ঘটনা। এতগুলো ডলফিন একসঙ্গে হত্যা করায় পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। এ ঘটনায় দাবি উঠেছে আইন করে ডলফিন শিকার বন্ধ করা হোক। তবে ফারো আইল্যান্ডের মৎসমন্ত্রী জেকব ভেস্টরবার্গ ডলফিন শিকারীদের পক্ষাবলম্বন করে জানিয়েছেন, সবকিছু বিধি মোতাবেক করা হয়েছে। খবরে বলা হচ্ছে, সাদা পেটযুক্ত শত শত ডলফিন অল্প পানিতে ঘুরে বেড়াচ্ছিল।
সেখান থেকে গত রোববার (১২ সেপ্টেম্বর) বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবসায়ীরা ওই সব ডলফিন শিকার করে। পরে মাংস বিক্রির জন্য সব ডলফিনকে জবাই করা হয়। স্থানীয় শত শত মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করেছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, আইস্টুরোর স্কালাবোটনুর সমুদ্র সৈকতে পানির কাছে শুয়ে থাকা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী ডলফিনের শত শত মৃতদেহ। রক্তে লাল হয়ে গেছে সৈকতের পানি। সামুদ্রিক প্রাণী শিকার ও তার মাংসের ব্যবসা এ অঞ্চলে প্রাচীন এতিহ্য। কিন্তু এত বহু সংখ্যক ডলফিন শিকার এ অঞ্চলের ইতিহাসে এই প্রথম দেখা গেল। এই অঞ্চলের শিকারীরা স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কিংবা আইনিভাবে এই ব্যবসা করে না। তারা অবৈধভাবেই সামুদ্রিক প্রাণী হত্যা করে। পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে নানা ক্যাম্পেইন চালিয়ে আসছেন।
উত্তর আটলান্টিকের ফারো আইল্যান্ড ১৮টি দ্বীপের সমষ্টি, যেটি স্কটল্যান্ড এবং আইসল্যান্ডের মাঝে অবস্থিত। অঞ্চলটি ডেনমার্ক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। স্কটল্যান্ডের মূল ভূমি থেকে ফারো আইল্যান্ড ৩২০ কিলোমিটার দূরে। সিয়াটল-ভিত্তিক আন্তর্জাতিক মেরিন ক্যাম্পেইন গ্রুপ সি শিফিয়ার্ডের দাবি, এ বছর ফারো আইল্যান্ডে সামুদ্রিক প্রাণী হত্যায় আইন লঙ্ঘনের ঘটনা ঘটছে বার বার। তাদের অভিযোগ, শিকারীরা অনুমোদনপ্রাপ্ত নয় এবং তাদের ডলফিন হত্যার কোনো প্রশিক্ষণও নেই। কীভাবে সহজে ডলফিন হত্যা করা যায় তা তারা জানে না।
গ্রুপটি বলছে, ভিডিওতে দেখা গেছে- যখন তারা ডলফিন হত্যা করে তখন দেখা যায়, ছুরি চালানোর পরও ডলফিনগুলো মরছে না। তারা কষ্ট পেয়ে মারা যাচ্ছে। এমনকি কিছু ডলফিনকে নৌকার প্রোফেলার দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। খবরে বলা হচ্ছে, সাদা পেটযুক্ত ডলফিন ও পাইলট তিমি বিলুপ্ত প্রাণী নয়। তবে এভাবে প্রাণী হত্যার বিরোধিতা করে স্থানীয় একটি গ্রুপ উদ্বেগ প্রকাশ করে আসছিল। তারা জানিয়েছিল, এভাবে ডলফিন হত্যার ঘটনা বার বার ঘটতে থাকলে সমালোচনার শ্যেন দৃষ্টি এদিকে পড়তে পারে।
পাইলট তিমি শিকারে জড়িত একটি গ্রুপের ফোরম্যান হেরি পিটারসেন বলছেন, ডলফিনের সংখ্যা ছিল বহু, আর মাত্র কয়েকজন ডলফিন গুলোকে হত্যা করে। তিনি এ ঘটনা থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছিলেন বলে দাবি করেছেন। তিনি বলেন, যা ঘটছিল তার জন্য আমি আতঙ্ক বোধ করছিলাম। ডলফিনগুলো মরে যাওয়ার আগে অনেকক্ষণ ছটফট করছিল।
পাইলট হোয়েল হান্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ওলেভার জুরডারবার্গ বলছেন, রোববারের ডলফিন শিকারের ঘটনাটি আতঙ্ক ছড়িয়েছে এবং সামুদ্রিক প্রাণী শিকারের ব্যাপারে নেতিবাচক বার্তা দিয়েছে। আমাদের মনে রাখা উচিত, আমরা পৃথিবীতে একা নই। সব কার্যক্রম এখন ক্যামেরায় ধারণ করা হচ্ছে- এটা মনে রেখেই কাজ করা উচিত।