admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্যআকাশপথ উন্মুক্ত করে দিচ্ছে , উঠছে ভ্রমণ নিষেধাজ্ঞা। করোনার সংক্রমণের এক পর্যায়ে বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কবলে পড়ে রীতিমতো বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বাংলাদেশ। আবার অনেক দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়। ধীরে ধীরে সেই অচলাবস্থা কাটছে। বাংলাদেশ যেমন নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে তেমনি বাংলাদেশি নাগরিকদের জন্য অন্যরা আকাশপথ উন্মুক্ত করে দিচ্ছে।বাংলাদেশের নাগরিকরা এখন যে কোনো দেশে যেতে পারছেন। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও কিছু দেশ বিধি-নিষেধ আরোপ করে রেখেছে। যেমন ব্রিটেন বাংলাদেশকে রেখেছে লাল তালিকায়।
অর্থাৎ, বাংলাদেশ থেকে কোনো যাত্রী সেখানে গেলে হোটেল কোয়ারেন্টাইনসহ নানা ভোগান্তিতে পড়তে হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এম এ মোমেন এই বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ভারতের আকাশ খুলে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য। শুধু পর্যটন ভিসা ছাড়া অন্য সব ভিসাই চালু করেছে দেশটি। তেমন কোনো বিধিনিষেধও নেই। যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন, তারা তুরস্কে যেতে পারবেন অনায়াসেই, কোয়ারেন্টাইন কিংবা অন্য কোনো বিধিনিষেধ নেই। যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট বাধ্যতামূলক করে অস্ট্রেলিয়ার দরজা খোলা হয়েছে বাংলাদেশের জন্য।
আরব আমিরাতের ক্ষেত্রেও বাংলাদেশিদের জন্য সব ভিসা খুলে দেওয়া হয়েছে। তবে বিমানবন্দরে গিয়ে বাধ্যতামূলকভাবে আরটিপিসিআর টেস্ট করাতে হবে। ১ সেপ্টেম্বর বাংলাদেশসহ ২৪টি দেশের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ওমান। সৌদি আরবে প্রবেশ করা যাচ্ছে ১ আগস্ট থেকে। বাংলাদেশের যাত্রীদেরকে সীমিত আকারে ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র-কানাডা।
এভাবে প্রায় সব দেশই এখন বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। দেশে করোনার সংক্রমণ কমতে থাকায় বিধিনিষেধগুলোও ধীরে ধীরে উঠে যাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। তবে এখনো ২৭টি দেশের ওপর নানা রকম বিধিনিষেধ বহাল রেখেছে সিভিল এভিয়েশন অথরিটি।