admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২১ ২:৫১ অপরাহ্ণ
রিনদ্দু নিংদার, স্টাফ রিপোর্টার ইন্দোনেশিয়াঃ কারাগারে ভয়বাহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪১ জনের প্রাণহানি এবং অনেকে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার বান্টেন প্রদেশের একটি কারাগারে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের ঘটনা ঘটতে পারে। দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্রের বরাত দিযে এ খবর দিয়েছে।
রিকা এপ্রিয়েন্তি নামক ওই মুখপাত্র বলেন, বান্টেন প্রদেশের টাঙ্গেরাং কারাগারের সি ব্লকে মঙ্গলবার রাত ১টা থেকে ২টার দিকে এই আগুন লাগে। পরে ফায়ার কর্মীরা তা নিভাতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি। এই কর্মকর্তা আরো বলেন, কারাগারের ওই ব্লকটিতে মাদক সংক্রান্ত অপরাধীদের রাখা হতো। সেখানে ১২২ জন বন্দী থাকতে পারে।
তবে অগ্নিকাণ্ডের সময় ওই ব্লকে ঠিক কতজন ছিল সেটা জানাননি রিকা। অবশ্য রয়টার্স তাদের সূত্রের বরাতে নিশ্চিত করেছে ওই কারাগারটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী ছিল। চলতি সেপ্টেম্বর মাসের এক সরকারি হিসাব বলছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে অবস্থিত গুরুত্বপূর্ণ ওই কারাগারটিতে বর্তমানে দুই হাজারেরও বেশি বন্দি রয়েছে। যদিও এর ধারণ ক্ষমতা মাত্র ৬০০ জন।
দেশটির পুলিশের মুখপাত্র ইউশ্রি ইউনুস স্থানীয় মেট্রো টিভিকে বলেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে, বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। পুলিশ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, এ ঘটনায় আরো অন্তত ৭৩ জন সামান্য আহত হয়েছেন।