admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২১ ৮:৫৫ অপরাহ্ণ
ইরাকে মার্কিন বাহিনীর গাড়ি বহরে হামলা। ইরাকের আদদিওয়ানিয়া প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহরে ফের রকেট হামলা হয়েছে। আজ মঙ্গলবার গাড়ি বহরটি স্থানীয় একটি রেস্টুরেন্টের কাছে পৌঁছালে হামলার শিকার হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, হামলার দায়ও কোনো গোষ্ঠী স্বীকার করেনি এ পর্যন্ত। সাবেরিন নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানায়, কাসরুল সুলতান রেস্টুরেন্টের কাছ দিয়ে যাচ্ছিল মার্কিন বাহিনীর সামরিক সরঞ্জামের ওই গাড়ি বহরটি। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই রকেট আঘাত হানে বলে জানিয়েছেন সেখানকার প্রত্যক্ষদর্শীরা।
আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই এই হামলার ঘটনা ঘটলো। এর আগে গত শনিবার ভোরেও একই ধরনের হামলা হয়েছিল মার্কিন বাহিনীর সামরিক সরঞ্জাম বহনকারী গাড়ি বহরে। ওই হামলা হয় ইরাক-কুয়েত সীমান্তের কাছে, যেখান দিয়ে কুয়েত থেকে ইরাকে অস্ত্র আনে মার্কিন বাহিনী। এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কিছুই প্রকাশ করা হয় না।
সাম্প্রতিক সময়ে ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। দেশটি থেকে মার্কিন সেনা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন ইরাকিরা। এমনকি মার্কিন সেনা প্রত্যাহার সংক্রান্ত একটি বিলও অনুমোদন করা হয়েছে ইরাকি পার্লামেন্টে। দেশটিতে ২০০৩ সালে হামলা চালায় মার্কিন বাহিনী। প্রসঙ্গত, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের আগ্রাসনে ক্ষমতাচ্যুত হয় তৎকালীন তালেবান সরকার।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে দুই দশক পর ফের আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে ২০ বছরের যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে ৩১ আগস্ট। এর ফলশ্রুতিতে ইরাক থেকে দ্রুত মার্কিন বাহিনী প্রত্যাহারের দাবি আরো জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।