admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২১ ২:০২ অপরাহ্ণ
ভারতের পশ্চিম বঙ্গের প্রখ্যাত কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ না ফেরার দেশে চলে গেলেন। গতকাল রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এপ্রিল মাসে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে উঠেছিলেন এই লেখক। করোনা নেগেটিভ হলেও তার পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত ৩১ জুলাই থেকে ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে।
প্রায় ১ মাস চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত গতকাল রাতে হার্ট অ্যাটাক করে মারা যান বুদ্ধদেব গুহ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বয়সজনিত নানা সমস্যা ছিল তার শরীরে। করোনায় আক্রান্ত হয়ে নেগেটিভ হলেও বিছানা থেকে উঠে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না তার। আগে থেকেই কিডনিতে সমস্যা ছিল। এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। সংক্রমণ ধরা পড়েছিল মূত্রনালীতেও। দৃষ্টিশক্তিও একেবারে ক্ষীণ হয়ে আসছিল শেষদিকে।
বুদ্ধদেব গুহ ১৯৩৬ সালে ২৯ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। তার প্রথম প্রকাশিত গ্রন্থ জঙ্গল মহল। এরপর পাঠককে উপহার দিয়েছেন মাধুকরী, কোজাগর, অববাহিকা এবং বাবলির মতো বিখ্যাত উপন্যাস। কিশোর সাহিত্যেও ছিল অবাধ বিচরণ। তার তৈরি ‘ঋজুদা’ বা ঋভুর মতো চরিত্র তরুণ প্রজন্মকে ভীষণভাবে নাড়া দিতে সক্ষম হয়েছে।