admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২১ ৭:২৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের ডেল্টা নিয়ে সিডিসির সতর্কতা। করোনার ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রিশেল ওয়ালেনস্কি। করোনাভাইরাসের এই ধরনটিতে আক্রান্ত হলে টিকার পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিরাও সংক্রমণ ছড়াতে পারেন বলে জানিয়েছেন তিনি। সতর্ক করে মার্কিন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, যুক্তরাষ্ট্রে বিপজ্জনকভাবে সংক্রমণ বাড়িয়ে দিয়েছে এই ডেল্টা ভ্যারিয়েন্ট।
এই সংক্রমণ আরো বেড়ে যাবে যদি না মার্কিনিরা টিকা নেন এবং মাস্ক পরেন। সেক্ষেত্রে প্রতিদিন কয়েক লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হতে পারেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রিশেল ওয়ালেনস্কি বলেন, আমাদের টিকাগুলো গুরুতর অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি কমানোর ক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও খুব ভালোই কাজ করছে।
কিন্তু সংক্রমণ রোধ করতে পারছে না এগুলো। ড. ওয়ালেনস্কি বলেন, এ কারণেই গত সপ্তাহে সিডিসি তাদের নির্দেশনা পরিবর্তন করেছে এবং এখন থেকে টিকা নেওয়া ব্যক্তিদেরও আবার ঘরের ভেতরে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে সিডিসির এক গবেষণার ফলাফল প্রকাশ করে বলা হয়, যারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত তারা টিকা নেওয়া হোক বা না হোক, সমানভাবে সংক্রমণ ছড়ায়।
কাউকে টিকা দেওয়া হয়নি বা টিকা দেওয়া যাচ্ছে না— রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম- এমন কারো সঙ্গে সাক্ষাৎ করতে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। তা না হলে সেও ঝুঁকিতে পড়তে পারে, বলেন সিডিসির এই পরিচালক।