admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাজ্যের রিপোর্টে বানোয়াট তথ্য, গ্রহণযোগ্য নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাউস অ্যারেস্ট দেখানো হয়েছে যুক্তরাজ্য সরকারের এক প্রতিবেদনে। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারকে তলব করেছে সরকার। বিষয়টি গতকাল রোববার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিবেদনে খালেদা জিয়ার অবস্থা নিয়ে বানোয়াট তথ্য দেয়া আপত্তিকর। এটি গ্রহণযোগ্য নয়, এই ধরনের প্রাক্টিস তাদের বন্ধ করা উচিত।

যুক্তরাজ্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নিজ দেশের অবস্থা ভালো করতে না পারলেও অন্যদের উপদেশ দেয় তারা, এটি গ্রহণযোগ্য নয়। সেটি গঠনমূলক তথ্য দিয়ে হলে কাজে আসবে, বানোয়াট তথ্য দিলে উদ্দেশ্যমূলক বলেই মনে করবে সবাই। ভারপ্রাপ্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলবের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রিপোর্টটি আরো তথ্যনির্ভর হওয়া উচিত ছিল, তা স্বীকার করেছেন তিনি। এ নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি তাদের সদর দপ্তরে জানাবেন বলে উল্লেখ করেছেন ব্রিটিশ কূটনীতিক।
কোনো দেশ ফেরেশতা নয় উল্লেখ করে তিনি বলেন, অন্য দেশকে খামোখা দোষারোপ করা নিচু মানসিকতার পরিচায়ক। এ সময় সাংবাদিকদের বিদেশে নানা ধরনের অনিয়মের বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। জানা যায়, গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসায় অবস্থানকে ‘হাউস অ্যারেস্ট’ হিসেবে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তি দেয় সরকার। তবে শর্ত ছিল যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং বাসায় থেকেই চিকিৎসা নিতে হবে। এর পর থেকে চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া কোথাও যাননি তিনি। মুক্তি পাওয়ার পর থেকে মূলত গুলশানে তার ভাড়া বাসা ‘ফিরোজায়’ অবস্থান করছেন বিএনপি নেত্রী।