admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুন, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশে পদত্যাগের হিড়িক। যুক্তরাষ্ট্রে গত বছর কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে রাস্তায় হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেনেক চৌভিন। দেশটিসহ গোটা বিশ্বে তোলপাড় সৃষ্টিকারী ওই ঘটনায় তাকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে স্থানীয় আদালত।হত্যাকাণ্ডটির পর থেকেই যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ থেকে সমাজকর্মী, সাংবাদিক থেকে মানবাধিকারকর্মী- সবার পুলিশের প্রতি বিরূপ মনোভাব ক্রমশ বাড়ছে। এমনকি বাজেটে সংস্থাটিকে দেয়া বরাদ্দ কমানোর দাবি পর্যন্ত উঠেছে।
দেশটির গণমাধ্যম জানায়, এমন জনরোষ থেকে বাঁচতে পুলিশ বাহিনী ছাড়ার হিড়িক পড়েছে। অনেকে স্বেচ্ছায় পদত্যাগ বা আগাম অবসরে যাচ্ছেন। পুলিশ বিদ্বেষের কারণে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অপরাধ যেমন বাড়ছে, তেমনই সংস্থাটিতে নিয়োগের জন্য লোক মিলছে না। নিউ ইয়র্ক টাইমস বলছে, নর্থ ক্যালিফোর্নিয়ার অ্যাশভাইলে ২৩৮ জন পুলিশ কর্মকর্তা রয়েছে। তার মধ্যে ৮০ জনই চাকরি ছেড়েছেন গত এক বছরে।
এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রধান ডেভিড জ্যাক বলেন, আমরা খারাপ হয়ে গেছি উল্লেখ করে সরাসরি আমাদের বিরুদ্ধেই বিক্ষোভ হচ্ছে। এ কারণে পুলিশ কর্মকর্তারা চাকরি ছেড়ে দিচ্ছেন। কিন্তু আমরা তো এমন অবস্থার জন্য এই বাহিনীতে যোগ দেইনি। অ্যাক্সিওস ও ইয়াহু নিউজ বলছে, পুলিশের ১৯৪টি সংস্থার ওপর সম্প্রতি চালানো এক জরিপের ফলাফল নিয়ে চলতি মাসে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এটি পরিচালনা করেছে মার্কিন পুলিশ এক্সিকিউটিভ রিসার্চ ফোরাম। ওই প্রতিবেদনে দেখা গেছে, গত এপ্রিল মাসে শেষ হওয়া বছরে আগাম অবসর নেয়ার হার বেড়েছে ৪৫ শতাংশ, ১৮ শতাংশ বেড়েছে পদত্যাগ। এ জন্য পুলিশে ঘাটতি মেটাতে কঠোর নীতি থেকে সরে এসেছে বাইডেন প্রশাসন।