admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ
রাশিয়া ব্রিটিশ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে গুলি-বোমা। যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়েছে রাশিয়ার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। এ ছাড়া রুশ বিমান থেকেও ব্রিটিশ জাহাজটির চলাচলের পথে বোমা ফেলা হয়েছে। আজ বুধবার রীতিমতো বিবৃতি দিয়ে এই হামলার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাতে বলা হয়, এটি ছিল সতর্কতামূলক পদক্ষেপ।
এই ঘটনা রুশ গণমাধ্যমগুলো ফলাও করে প্রচারও করেছে আজ। রাশিয়া জানায়, ব্রিটিশ ডেস্ট্রয়ারটি তাদের জলসীমায় প্রবেশ করলে এভাবেই কঠোর প্রতিক্রিয়া দেখানো হয়। তবে কৃষ্ণ সাগরের এ ঘটনা নিয়ে যুক্তরাজ্যের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বিরাজ করছে রাশিয়ার। এমন প্রেক্ষাপটে কয়েক দিন আগে সামরিক জোট ন্যাটো জানায়, তারা রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার ঠেকাতে কঠোর হচ্ছে।