admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
ট্রাম্পের ব্লগ বন্ধ মাস না ঘুরতেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে মুহূর্তেই যার বার্তা ছড়িয়ে পড়তো কোটি ভক্ত-সমর্থকদের মাঝে, ফেসবুক-টুইটারসহ প্রায় সব সোশ্যাল মিডিয়া থেকে বহিষ্কার হয়ে সেই ডোনাল্ড ট্রাম্প যেন সম্পূর্ণ হারিয়ে গেলেন। এরপর ঘোষণা অনুযায়ী বেশ কিছুদিন পর ফিরে আসলের নিজের ব্লগ নিয়ে। কিন্তু মাস না ঘুরতেই সেটা বন্ধ হয়ে গেল। ট্রাম্পের ব্লগটির নাম ছিল ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’।
ভক্তদের সঙ্গে যোগাযোগের কথা বলা হলেও ব্লগটি ছিল একতরফা। ট্রাম্পের স্ট্যাটাস কিংবা ছবি-ভিডিওতে কেউ মন্তব্য করতে পারতো না। নিবন্ধন করার মাধ্যমে শুধু ট্রাম্পের পোস্ট দেখা যেতো। লাইক দেওয়া এবং শেয়ার করা যেতো। অবশ্য পরিস্থিতি বুঝে পরবর্তীকে ভক্তদের জন্য কমেন্ট উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
কিন্তু সেটা আর হলো না। বন্ধ হয়ে গেল ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের জ্যৈষ্ঠ উপদেষ্টা জেসন মিলার। তবে গত ৪ মে আত্মপ্রকাশ করা ব্লগটি কেন মাস না ঘুরতেই বন্ধ হয়ে গেল, সেটা জানা যায়নি। প্রসঙ্গত, গত জানুয়ারিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। সেই উস্কানির প্রায় শতভাগ দিয়েছিলেন ফেসবুক-টুইটারের মাধ্যমে। দুটি প্ল্যার্টফর্ম থেকেই তাকে বারবার সতর্ক করা হয়েছিল। তাতে কিছু না হওয়ায় শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়।