admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ মে, ২০২১ ৯:৫৯ পূর্বাহ্ণ
আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের অনুষ্ঠান বর্জন মুসলমানদের। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলমানদের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের শুভেচ্ছা বিনিময়ের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণত প্রতি বছরই এমন অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে আমেরিকার শীর্ষ মুসলিম ব্যক্তিত্বরা অংশ নেন। ব্যতিক্রম ঘটনা ঘটেছে গতকাল, যুক্তরাষ্ট্রের অধিকাংশ মুসলমান বাইডেনের দাওয়াতে অংশ নেননি।গতকাল রোববার (১৬ মে) ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘোষণা দিয়ে সেখানে অংশ নেওয়া থেকে বিরত থাকে মুসলিম অ্যাডভোকেসি গোষ্ঠী। তাদের অভিযোগ, ফিলিস্তিনে যে বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল, তাতে প্রতিবাদ করা তো দূরের কথা, উল্টো হামলার ন্যায্যতা দিয়েছে বাইডেন প্রশাসন। এটা দুঃখজনক।
এক বিবৃতিতে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, প্রেসিডেন্ট বাইডেন এমন এক সময় ইসরায়েলের প্রতি স্পষ্ট সমর্থন ব্যক্ত করেছেন, যখন দখলদার ইহুদি রাষ্ট্রটির বোমা বর্ষণে ফিলিস্তিনের নিরীহ মানুষ অকাতরে প্রাণ দিচ্ছে। এ অবস্থায় আমরা বাইডেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে স্বস্তি বোধ করছি না।
এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে বাইডেন বলেছেন, আত্মরক্ষার সব রকম অধিকার আছে ইসরায়েলের। এই ফোনালাপের পরেই সুর চওড়া হয় নেতানিয়াহুর। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বলেন, যতক্ষণ প্রয়োজন ফিলিস্তিনে হামলা চালানো হবে। এক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।