admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মে, ২০২১ ১১:০০ পূর্বাহ্ণ
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট বোমা হামলায় গুরুতর আহত। সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির পার্লামেন্টের বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদ বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) রাতে তার বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। আহত নাশিদকে স্থানীয় এডিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার দেহরক্ষীও আহত হয়ে চিকিৎসাধীন। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বাসভবন থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন মোহাম্মদ নাশিদ। এ সময় পাশে থাকা একটি মোটরসাইকেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। পুলিশ জানিয়েছে, ওই মোটরসাইকেলে বোমা রেখে দেওয়া হয়েছিল।
এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ। তিনি বলেন, এটি নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা। পার্লামেন্টের স্পিকারের ওপর এমন জঘন্য হামলার ঘটনায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে। অবিলম্বে এমন হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। মালদ্বীপের রাজনীতিতে মোহাম্মদ নাশিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব। তিনিই দেশটির প্রথম প্রেসিডেন্ট, যিনি ২০০৮ সালে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন। প্রায় ৪ বছর ক্ষমতায় থাকার পর সামরিক অভ্যুত্থানে তাকে সরে যেতে হয়। দেশ এবং দেশের বাইরে ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ বলে তার সুনাম আছে।