admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ
ভারতীয় সেনারা বিদ্রোহীদের হাতে বন্দি। ভারতের ছত্তিশগড় রাজ্যে শনিবারের রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে নিখোঁজ সেনাকে ঘিরে রহস্য বাড়ছে। স্থানীয় দুই সাংবাদিককে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে বলেছেন, ওই জওয়ান মাওবাদীদের হেফাজতে আছেন। লোকটি কে, কী তার পরিচয়, তা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। ওইদিন প্রায় ৪০০ মাওবাদী সুকমা ও বিজাপুর জেলার সংযোগস্থলে দুর্গম টারেম এলাকায় নিরাপত্তাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল। এ সময় তিনদিক থেকে নিরাপত্তা বাহিনীকে ঘিরে মাওবাদীরা গুলিবর্ষণ ও আইইডি বিস্ফোরণ ঘটায়। এ ভয়াবহ হামলায় নিহত হন ২২ জওয়ান। মাওবাদী কমান্ডার মাদভি হিডমা হামলার নেতৃত্ব দেন বলে দাবি নিরাপত্তা কর্তাদের।
তার মধ্যেই দুই স্থানীয় সাংবাদিককে ফোন করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিটির দাবি, নিখোঁজ জওয়ান মাওবাদীদের কাছেই আছে, তার কোনো ক্ষতি হবে না। সাংবাদিকদের একজন, বিজাপুর প্রেস ক্লাবের সভাপতি গনেশ মিশ্র বলেন, ফোনের ওপ্রান্তে থাকা লোকটি নিজের পরিচয় দেননি, তবে বলেন, মাওবাদীরা ২-৩ দিনে তাকে ছেড়ে দেবেন। রাজা সিং রাঠোর নামে আরেক সাংবাদিক সুকমায় সাংবাদিকদের জানান, তিনিও এক ব্যক্তির কল পেয়েছেন, যিনি নিজেকে হিডমা বলে পরিচয় দিয়েছেন। লোকটি তাকে জানান, নিখোঁজ জওয়ান তার হেফাজতে আছেন। জওয়ানের শরীর-স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি ভালো আছেন। এ ব্যাপারে আরও তথ্য প্রকাশ করা হবে বলে জানান নিজেকে হিডমা বলে দাবি করা ওই ব্যক্তি।
বিজাপুরের পুলিশ সুপার কামলোচন কাশ্যপ তাকেও অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন করার খবর খারিজ করে বলেন, হতে পারে, ওই জওয়ান মাওবাদীদের কব্জায় আছেন। নিরাপত্তাবাহিনী তার খোঁজে ঘটনার পর ৫-৬ কিমি পর্যন্ত তল্লাশি চালিয়েও হদিশ পায়নি। নিখোঁজ কমান্ডোর খোঁজে তল্লাশি চলছে, পুলিশ সাংবাদিকদের কাছে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোনের সত্যতাও বিচার করছে। এদিকে নিখোঁজ সিআরপিএফ কমান্ডোর স্ত্রী মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়ে বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদী সাহেব, অমিত শাহ সাহাবকে আবেদন করছি, তাকে ফিরিয়ে আনুন। পাকিস্তান থেকে যেভাবে অভিনন্দনকে ফিরিয়ে ছিলেন, সেভাবে দয়া করে ওকেও ফেরান। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ স্বামীর সঙ্গে শেষ কথা হয়। ও আমায় জানায়, অপারেশন ডিউটিতে যাচ্ছে।
প্রসঙ্গত, ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আকাশ দখলের যুদ্ধে পাকিস্তানে নেমে ধরা পড়েন। তাকে পরে ছেড়ে দেয় পাকিস্তান। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার ছত্তিশগড়ে পৌঁছে নিহত জওয়ানদের শ্রদ্ধা নিবেদন করে বলেন, মাওবাদীদের বিরুদ্ধে লড়াই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘটনাটি আমাদের শপথ আরও জোরদার করবে। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও শীর্ষ সরকারি কর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, গত কয়েক বছরে কেন্দ্র ও রাজ্য সরকার মাওবাদী ঘাঁটিগুলির অনেক ভেতরে ঢুকে পড়েছে।