admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২১ ৭:৪৯ অপরাহ্ণ
রাশিয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। এশীয়-প্রশান্ত অঞ্চলের রুশ সীমান্তের কাছে স্বল্প ও মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যা অব্যাহত থাকলে দেশ দুটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে রাশিয়া। গতকাল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভার এক বিবৃতিতে এমনটা বলেন। এতে মার্কিন ও ব্রিটিশ পদক্ষেপে এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ ধরনের সংঘাত ঠেকানো কঠিন হয়ে পড়বে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সামরিক শক্তি বৃদ্ধির গতি বাড়িয়েছে ওয়াশিংটন-লন্ডন। যা গোটা পরিস্থিতিকে আরো অবনতির ঝুঁকির দিকে নিয়ে যাবে। সম্প্রতি এশিয়া-প্রশান্ত অঞ্চলে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই পরিকল্পনায় ব্রিটিশরাও যুক্ত হয়েছে বলে দাবি করে মস্কো, তবে লন্ডন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
ইরানি গণমাধ্যম পার্সটুডে জানায়, শীতল যুদ্ধের সময় মধ্য-পাল্লার পরমাণু শক্তি চুক্তি (আইএনএফ) সই করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যে চুক্তিটি বাতিল করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প, যার বিরোধিতা করে আসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসার পরে রাশিয়ার সঙ্গে দেশটির ফের উত্তেজনা দেখা দিয়েছে। রুশ সীমান্তের কাছে পশ্চিমা ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা সেই পালে বৈরী হাওয়া লাগিয়েছে। এমতাবস্থায় বিশ্বের শক্তিধর দেশ তিনটির মধ্যকার সামরিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।