admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ
সুইডিশ মন্ত্রী প্রথম বিদেশ সফরে ঢাকায় আসছেন। এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী পের ওলসন ফ্রিধ। আগামী ১৯ মার্চ পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার ঢাকাস্থ সুইডেনের দূতাবাস এ তথ্য জানায়। গত ফেব্রুয়ারিতে দেশটির মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর বলে উল্লেখ করা হয়।

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে সুইডিশ মন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, সফরে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন পের ওলসন ফ্রিধ। এ ছাড়া সুইডেনের অনুদানে পরিচালিত বিভিন্ন মানবাধিকার কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ড ঘুরে দেখবেন তিনি।
বাংলাদেশ-সুইডেন সম্পর্কের ৫০ বছর পেরিয়ে গেছে। এতে বলা হয়, মন্ত্রী পের ওলসন ফ্রিধ জানিয়েছেন যে, সুইডেনের পক্ষে প্রথম বিদেশ সফরে ঢাকায় এসে তিনি রোমাঞ্চিত। বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক সময় এটি। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ৫০ বছর অতিক্রম করেছে। সামনের দিনগুলোতে আরো নতুন নতুন ক্ষেত্রে আমাদের সম্পর্ক শক্তিশালী করব। সুইডিশ মন্ত্রী আরো বলেন, আমাদের বৈশ্বিক পরিবেশ আরো সবুজ ও অন্তর্মুখী করা প্রয়োজন, যাতে করোনা সংক্রমণের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। এ বিষয়ে সহায়তা করতে প্রস্তুত সুইডেন।