admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কণ্ঠ থেকে দেশবাসী পেয়েছিল সংগ্রামের দিক-নির্দেশনা। দিবসটি উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ৭টায় এই শ্রদ্ধা জানানোর পর কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ক্ষমতাসীন দলের বিভিন্ন স্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৭১ সালের এই দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে বেজে উঠেছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৮ মিনিটের সেই জাদুকরী ভাষণে সেদিন বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন জাতির পিতা, যা এখন বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল।
বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষণের পরই ২৬ মার্চ শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা লাভ করে বাঙালি জাতি। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন বাংলাদেশের। আর এই স্বাধীনতা আসে বঙ্গবন্ধুর হাত ধরেই। তিনিই ৭ মার্চের ভাষণে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে ছিলেন।
২০১৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো বঙ্গবন্ধুর সেই প্রেরণাদায়ী ভাষণকে বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করে। এরপর থেকে প্রতিবছর এই দিনটি সরকারিভাবে আড়ম্বর সহকারে পালন করা হয়। তবে এ বছর ঐতিহাসিক ৭ মার্চ এমন সময় উপস্থিত হয়েছে, যখন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ কারণে চলতি বছর দিনটিতে ভিন্ন মাত্রা যোগ হয়েছে।