admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ
বাংলাদেশে ৫ বছরে মোটরসাইকেল বেড়েছে ২০ লাখ! যাতায়াতে সহজ হলেও মোটরসাইকেল বাহনটিকে বেশ ঝুঁকিপূর্ণ হিসেবেই দেখা হয়। তাছাড়া বাইক চালকদের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে অনেক সময় পথচারীরাও সমস্যায় পড়ে থাকে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য মতে, গত পাঁচ বছরে এই বাহনটির সংখ্যা বেড়েছে কয়েকগুণ। বিআরটিএর পরিসংখ্যানে দেখা যায়, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত বছরে গড়ে ১ লাখ মোটরসাইকেল নিবন্ধ করা হয়েছে। কিন্তু ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত গড়ে প্রতি বছর ৪ লাখ মোটরসাইকেল নিবন্ধন হয়েছে।
২০১৬ সালে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ছিলো ৩ লাখ ১৫ হাজার ৮৯টি, ২০১৭ সালে ৩ লাখ ২৫ হাজা ৮৭৬টি, ২০১৮ সালে ৩ লাখ ৯৩ হাজার ৫৪৫টি, ২০১৯ সালে ৪ লাখ ১৪ হাজার ৪২টি এবং ২০২০ সালে নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ১৬টি। এর আগের পাঁচ বছরে নিবন্ধিত মোটরসাইকেলের পরিসংখ্যানে দেখা যায়- ২০১১ সালে ১ লক্ষ ১৬ ৫৩৪টি, ২০১২ সালে ১ লক্ষ ১ হাজার ৮৯টি, ২০১৩ সালে ৮৫ হাজার ৩২১টি, ২০১৪ সালে ৯০ হাজার ৪০১টি এবং ২০১৫ সালে ২ লাখ ২৯ হাজার ১০টি।
বিআরটিএর মিরপুর শাখার পরিচালক (নিবন্ধন শাখা) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ার কারণে মোটরসাইকেল বিক্রি বেড়েছে। তাছাড়া রাইড শেয়ারও এক্ষেত্রে বড় কারণ বলে মনে করি। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, মোটরসাইকেল বাড়ছে কিন্তু বিআরটিএর তদারকি এবং সেবার মান সেভাবে বাড়ছে না। সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে না পারলে মোটরসাইকেল আমাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।